শ্রীনগরে বরফ চাপা পড়ে মৃত জওয়ানের মৃতদেহ ফিরল বাঁকুড়ার বাড়িতে
দি নিউজ লায়ন ; শ্রীনগরে বরফ চাপা পড়ে মৃত সিআরপিএফ জওয়ান সুবল মুর্মুর কফিনবন্দি দেহ ফিরল বাঁকুড়ায়। শুক্রবার সকালে সহকর্মী জওয়ানদের কাঁধে চড়ে মৃতদেহ ফিরল বাঁকুড়ার হীড়বাঁধ থানার চাকাডোবা গ্রামে। সিআরপিএফ জওয়ানকে শেষ বিদায় জানাতে এদিন ভিড় উপচে পড়েছিল চাকাডোবা গ্রামে। শুধু গ্রামের মানুষই নয় ভিড় জমিয়েছিলেন আশপাশের গ্রামের অসংখ্য মানুষও।
স্থানীয় সূত্রে জানা গেছে সিআরপিএফ এর ১১৫ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন চাকাডোবা গ্রামের বীর জওয়ান সুবল মুর্মু। গত ডিসেম্বরে শেষ বারের জন্য ছুটিতে বাড়ি এসেছিলেন ওই জওয়ান। তারপর থেকে পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। গত বুধবার শ্রীনগরের অদূরে হযরথবলে কর্মরত অবস্থায় তুষারপাত শুরু হয়। তুষারপাতের জেরে অতিরিক্ত ঠান্ডায় মৃত্যু হয় সুবল মুর্মুর।
পরে মৃতদেহ উদ্ধার করে কফিনবন্দি করে বিমানে পাঠানো হয় কলকাতায়। আজ সেখান থেকে সিআরপিএফ এর নিজস্ব গাড়িতে করে বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের চাকাডোবা গ্রামে পৌঁছায় শহিদের মৃতদেহ। গ্রামে মৃতদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। সেনা জওয়ানের পরিবারে স্ত্রী, বৃদ্ধা মা ছাড়াও রয়েছে এক ছেলে ও এক মেয়ে। শহিদের মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই ঘনঘন মূর্ছা গেলেন বৃদ্ধা মা। বাগরুদ্ধ স্ত্রী।

Post a Comment